জাতীয়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দির বা রংপুর ধর্মসভা পরিদর্শন করবেন।

এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন।

সফরসূচি অনুযায়ী, বেলা ৩টায় রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

রাজশাহী থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়,এদিন রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। পাশাপাশি রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।