জাতীয়

পূজোর ছুটি মিলবে পাঁচ দিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  ছুটি মিলবে পাঁচ দিন। ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি থাকবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বছরের শুরুতে শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে তৈরি পোশাক কারখানাগুলো ১৩ দিনের ছুটির তালিকা চূড়ান্ত করে। সাধারণত এ তালিকায় দুর্গাপূজার ছুটি থাকে না। ফলে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের পূজার ছুটি নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে কেটে নেওয়া হয়।

জানা গেছে, কারখানায় উৎপাদন চালু থাকলেও সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার ছুটি পাবেন। তবে এ ছুটি তাঁদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হবে। দুর্গাপূজা উপলক্ষে কারখানাগুলোতে আলাদা সাধারণ ছুটি থাকবে না।

এদিকে, শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত উৎসব ছুটির নিয়ম অনুসরণ করে শ্রমিকদের ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে বিজিএমইএ।