পুলিশের নোটিশ এর পর আটক অভিজিৎ দীপক
কনট প্লেসে জাতীয় পতাকা হাতে পদযাত্রা কর্মসূচি শুরুর কথা ছিল আজ শুক্রবার বিকেলে। এর আগেই পুলিশ সদস্যরা দিল্লির ঝান্ডেওয়ালা এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতা অভিজিৎ দীপকের সাময়িক বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে কর্মসূচি থেকে বিরত থাকার নোটিশ প্রদান করে। পরবর্তীতে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি ও আইনি দলিলাদি নিয়ে যুক্তিতর্কের একপর্যায়ে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়।
৩১ বছর বয়সী ওই যুব নেতা নোটিশে আনীত প্ররোচনার অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেন, বক্তব্য বা কোনো ভিডিওতে উসকানিমূলক বার্তা না থাকা সত্ত্বেও তাঁদের কর্মসূচিকে অহেতুক বাধাগ্রস্ত করা হচ্ছে।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই সিজেপি এবং বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন বিক্ষোভ আন্দোলন চালিয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আটক হলেন দীপকে। এর আগে যন্তর মন্তরে আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিতে বিমানে করে দিল্লিতে নামার পরপরই তাঁকে একইভাবে আটক করা হয়েছিল।
এদিকে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শুক্রবার ও শনিবার দুদিনের জন্য সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পৌর কর্তৃপক্ষ (এনডিএমসি)। মধ্য দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তার নজরদারি বাড়ানো হয়েছে।
