আন্তর্জাতিক

পাকিস্তানে বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহত ২৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৯ জন গুরুতর আহত হয়েছেন।

‘আল খায়ের স্কুল’-এ ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ এই ছাদ ধসের ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষিকা রয়েছেন। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠগ্রহণে ব্যস্ত ছিল। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী সংস্থার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধার কাজ অব্যাহত রাখা হয়েছে।

আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্ঘটনার পেছনে দুর্বল ভবন নির্মাণ বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নিরাপত্তার মানদণ্ড কঠোরভাবে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।