দুর্গাপূজা উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। সেই পূজা উপলক্ষেই এবার শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে দীর্ঘ ছুটি।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার নির্ধারিত ছুটি সহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদ হবে ১০ থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত। তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর এই ছুটির সময়সীমা কিছুটা ভিন্ন হতে পারে।
২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে।
তবে বন্ধ শুরুর আগের ২ দিন অর্থাৎ ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষার্থীরা ছুটি পাচ্ছে মূলত ১৬ অক্টোবর থেকে। আবার ২২ অক্টোবর ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সেই ২ দিনও ছুটির সুযোগ পাবে শিক্ষার্থীরা। এরপর ২৫ অক্টোবর রবিবার সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি রয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকছে ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।
তবে পরিবর্তন হতে পারে এই সূচিতে। শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর অ্যাকাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী ছুটির সময়সূচি পুনর্নির্ধারণ করতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
সরকারি ও বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে এই ছুটির সময় আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময়ের মধ্যে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এই ছুটির হিসাবের বাইরে।
ফলে কলেজ শিক্ষার্থীদের ছুটির আগের ২ দিন অর্থাৎ ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ছুটি শেষের পরের ২ দিন অর্থাৎ ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে কলেজের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটির সুযোগ পাবেন।
এবার বাড়ানো হয়েছে সরকারি চাকরিজীবীদের ছুটিও। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। পরবর্তীতে নির্বাহী আদেশে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা মোট ৫ দিনের ছুটি পাচ্ছেন।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির চিত্র ভিন্ন। সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয় দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য। স্বায়ত্তশাসিত এসব প্রতিষ্ঠান নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।
