গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ছাদ থেকে ৬৯ শ্রমিক উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার(০৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তৃতীয় তলার একটি গুদামে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
দুপুরে কারখানায় কাজ করার সময় হঠাৎ ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। এসময় আতঙ্কিত হয়ে অনেকে ছাদে উঠে যান, আবার অনেকে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে নামিয়ে আনেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা কারখানার ছাদ থেকে ৬৯ জন শ্রমিককে উদ্ধার করেন। আগুনের ঘটনায় কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
