সুদান সীমান্তে বিমান হামলায় ৭২ বেসামরিক শ্রমিকের মৃত্যু
মিসর ও সুদানের সীমান্তবর্তী নীল নদ রাজ্যের একটি স্বর্ণখনি এলাকায় ভোর আনুমানিক ৬টার দিকে একটি যুদ্ধবিমান শ্রমিকদের আবাসস্থল ও খনি লক্ষ্য করে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে খনির গর্ত ও তাবুগুলো ধসে পড়ে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভয়াবহ এবিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক খনি শ্রমিক নিহত হয়েছেন।
হামলায় বেঁচে যাওয়াদের তথ্য মতে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেক খনি শ্রমিক গুরতর আহত ও নিখোঁজ রয়েছেন।
ঘটনার বিষয়ে মিসর ও সুদান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত অঞ্চলে বেআইনি সোনা উত্তোলন, চোরাচালান ও অনুপ্রবেশ রোধে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে মিসরীয় সীমান্তরক্ষী বাহিনী। ইমার্জেন্সি লয়ার্স বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত এই বিমান হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন ও ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে।
উল্লেখ্য, সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে সীমান্ত এলাকার অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করায় বহু সাধারণ মানুষ জীবনজীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে সোনা উত্তোলনে জড়িয়ে পড়েছেন। নীল নদ রাজ্যের এই সোনা চোরাচালানের মাধ্যমে সংঘাতময় অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন ঘটছে বলে দাবি করা হয়, যা আঞ্চলিক অর্থনীতি ও সীমান্ত নিরাপত্তায় বড় প্রভাব ফেলছে।
