সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ভিকটিম হলেও প্রাথমিক তদন্তে বিষয়টির পেছনে ভিন্ন কারণ উঠে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ক্যান্টনমেন্ট থানার মানিকদী নামাপাড়া এলাকায় ৩৫ শতাংশ বিতর্কিত জমি দখলকে কেন্দ্র করেই মূলত এই সহিংসতার সূত্রপাত হয়। উক্ত বিতর্কিত জমিতে একটি ডেভেলপমেন্ট কোম্পানি এবং একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
প্রাথমিক তদন্ত ও পুলিশের বরাতে মন্ত্রী জানান, রাতের অন্ধকারে ওই জমি দখল করতে গিয়ে একটি পক্ষ সীমানা প্রাচীর ও স্থাপনা ভাঙচুর করে। ওই স্থানে সালমান মুক্তাদিরের ব্যবহৃত একটি টিনশেড স্টুডিও থাকায় সেটিও ভাঙচুরের শিকার হয়। জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত হিসেবে গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান মুক্তাদিরের দেয়া লাইভ বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য বা কোনো চাঁদাবাজির আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া গণমাধ্যমে বা লাইভে প্রদত্ত অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। তবে ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে সালমান মুক্তাদির কিংবা জমির মূল মালিকদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
