আন্তর্জাতিক

ভারতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৮

ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে তীর্থযাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।আজ শনিবার (১৭ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত যাত্রীদের উদ্ধার করে এমবিএস হাসপাতালে নেওয়া হয়েছে।

সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন পীযূষ সামারিয়া।

বিভিন্ন সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা জানায়,বাসটি ভারতের মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে নারী, পুরুষ, বয়স্ক ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিলেন।

শনিবার ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ৩৮৪ নম্বর পোলের কাছে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট গভীর একটি খালে পড়ে যায়।