জাতীয়

পূজোয় জমজমাট মাছ মাংসের বাজার

বিজয়া দশমীকে কেন্দ্র করে রাজধানীর মাছ ও মাংসের বাজারে কেনাকাটার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। মাছ বিক্রেতাদের একাংশের মতে, গত বছরের তুলনায় এ বার বাজার ভালো হয়েছে। মাংস ব্যবসায়ীদের বক্তব্যেও বেচাকেনা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। উৎসবের শেষ দিনে বাজারের এই ভিড় ব্যবসায়ীদের মুখে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

বিজয়া দশমী উপলক্ষে রাজধানী রাজধানীর বিভিন্ন বাজারে মাছ ও মাংসের দোকানগুলিতে সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুজোর শেষ দিনে পছন্দের মাছ ও মাংস কিনতে বাজারে ভিড় জমান সাধারণ মানুষ। ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা ভালো হয়েছে। চাহিদা বাড়ায় বাজারে ছিল বিভিন্ন প্রজাতির মাছ এবং দেশি মুরগির জোগান।

মাছের বাজারে ইলিশ, কাতলা, চিংড়ি, বোয়াল, পাবদা, ভেটকি ও পমফ্রেটের মতো বিভিন্ন মাছের চাহিদা ছিল চোখে পড়ার মতো। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বড় আকারের মাছও মজুত করেছিলেন বিক্রেতারা। কয়েকজন ব্যবসায়ী জানান, চার থেকে পাঁচ কেজি ওজনের বড় মাছও বিক্রি হয়েছে। তাঁদের বক্তব্য, মাছের জোগান ভালো থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী মাছ কিনতে পেরেছেন।

এক মাছ বিক্রেতা জানান, এ বছর বাজারে টাটকা ও জীবন্ত মাছের জোগান ভালো ছিল। জীবন্ত বড় কাতলা মাছ কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা এবং স্থানীয় কাতলা ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হয়েছে। চিংড়ির দাম ছিল প্রজাতি ও আকারভেদে কেজিপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা। অন্যদিকে, আরেক বিক্রেতার কথায়, বড় আকারের চিংড়ি কেজিপ্রতি প্রায় ১,০০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ১,০০০ থেকে ১,২০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে সব মাছের দাম বাড়েনি বলে দাবি কয়েকজন ব্যবসায়ীর। তাঁদের মতে, অধিকাংশ মাছই স্বাভাবিক বাজারদরে বিক্রি হয়েছে।

এদিকে, মাংসের দোকানগুলিতেও ক্রেতাদের ভিড় ছিল যথেষ্ট। বিশেষ করে ব্রয়লার ও দেশি মুরগির চাহিদা ছিল বেশি। এক ব্রয়লার মুরগি বিক্রেতা জানান, এ দিন ভোর চারটা থেকেই দোকান খোলা হয়। সকাল থেকেই ভালো বেচাকেনা চলছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০০ টাকা এবং কাটা মুরগি ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। দেশি মুরগির দাম ছিল কেজিপ্রতি প্রায় ৬০০ টাকা।

তবে গত বছরের তুলনায় এ বার মুরগির দাম কিছুটা বেশি বলে জানান ওই ব্যবসায়ী। তাঁর দাবি, অতিরিক্ত গরমের কারণে মুরগি মারা যাওয়ায় উৎপাদন কমেছে। এর ফলে দাম বেড়েছে। গত বছর ব্রয়লার মুরগি কেজিপ্রতি প্রায় ১৫০ টাকায় বিক্রি হলেও এ বার দাম বেড়ে ২০০ টাকা হয়েছে। একইভাবে কাটা মুরগির দামও বেড়েছে বলে জানান তিনি।