কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও তাঁর গাড়িতে হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে এ ঘটনাকে বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর পঞ্চম হামলা হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’
এর আগে রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাঁর ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় তাঁকে বহনকারী গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
গাড়ি ভাঙচুরের চারটি ছবি নিজের ফেসবুক পোস্টে দিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলার ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।
নাহিদ বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। ভয়ভীতি বা দমন পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদের পোস্টের পর রাতেই নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ধারাবাহিক হামলার’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় এনসিপি। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা এবং তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে এর জবাব হামলা, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এনসিপি বলেছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলার ঘটনা এখন গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে থাকলে প্রতিটি ঘটনার তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তা না হলে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত প্রতিটি হামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে এনসিপি।
