বিনোদন

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মিথিলা

আন্তর্জাতিক উন্নয়ন খাতে দুই দশকের অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গে নিয়ে জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করলেন জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও উন্নয়ন বিশেষজ্ঞ রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ ২০ বছর উন্নয়ন সংস্থা ব্র্যাক-এ সফলতার সাথে দায়িত্ব পালন শেষে এবার যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে। এক দীর্ঘ ফেসবুক পোস্টে নিজের এই নতুন আন্তর্জাতিক যাত্রার খবর ভক্ত ও শুভানুধ্যায়ীদের সাথে শেয়ার করেছেন এই তারকা।

কলম্বিয়া ইউনিভার্সিটির আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ-এর অধীনে পরিচালিত আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব প্রকল্পের ডিজাইন ও মূল্যায়নে নেতৃত্ব প্রদান করবেন মিথিলা। মূলত প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং প্রান্তিক সমাজ-স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করে এই হাব। বিশেষ করে সদ্যোজাত শিশু থেকে শুরু করে পাঁচ বছর বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং ডেটা ও গবেষণালব্ধ তথ্যের সুষম ব্যবহারের মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতেই কাজ করবেন তিনি।

গবেষণার পাশাপাশি মার্কিন মুলুকে শিক্ষকতার ক্যারিয়ারও শুরু করেছেন এই বহুমুখী প্রতিভাধর তারকা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (সিইউএনওয়াই)-এ অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন তিনি, যেখানে পাঠদানের বিষয় ননপ্রফিট ম্যানেজমেন্ট। বাস্তবভিত্তিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে মুখিয়ে আছেন মিথিলা। দীর্ঘ পেশাগত জীবনে ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনাল-এ কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি ব্র্যাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপাতত বিনোদন জগতের লাইমলাইট ও ক্যামেরার আলো থেকে খানিক দূরে থেকে বৈশ্বিক এই গবেষণা অবকাঠামোতে নিজের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান মিথিলা; আর এই নতুন অভিযাত্রায় চেয়েছেন সবার শুভকামনা ও দোয়া।