বিনোদন

দাম্পত্যজীবনের ইতি টানলেন প্রীতম শেহতাজ

প্রায় এক দশকের সম্পর্কের পর দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রোববার রাতে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পৃথক পোস্ট দিয়ে বিষয়টি জানান দুজনই।

প্রীতম তাঁর ফেসবুক পোস্টে জানান, দীর্ঘ প্রায় ১০ বছরের পথচলার পর তাঁরা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, তৈরি হওয়া স্মৃতি ও নানা অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

প্রীতম লেখেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।’

কেন এমন সিদ্ধান্তে পৌঁছেছেন, সেটিও পোস্টে ব্যাখ্যা করেছেন এই সংগীতশিল্পী। তাঁর ভাষ্য, সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা হয়ে নিজেদের পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

তবে হঠাৎ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রীতম। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই বিষয়টি চূড়ান্ত করেছেন তাঁরা। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

শেহতাজও তাঁর ফেসবুক পোস্টে প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা সব সময় থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

শেহতাজের ভাষ্য, সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই তাঁদের দুজনের জন্য ভালো সিদ্ধান্ত। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি তাঁদের অনুরোধ, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

একসঙ্গে কাজ করতে গিয়েই প্রীতম ও শেহতাজের পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই গানের কাজের সময় তাঁদের পরিচয় হয়। পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।

তবে ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তাঁদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও দুজনের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত রোববার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন প্রীতম ও শেহতাজ।