জাতীয়

১০০ শিক্ষককে সম্মাননা দিচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ৫ অক্টোবর ২০২৬ (সোমবার), বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত শিক্ষকদের হাতে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন।

পূর্বে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হলেও এবারই প্রথম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব পর্যায়ের শিক্ষকদের যুক্ত করে পরিধি বাড়ানো হয়েছে।

শিক্ষকদের পর্যায়ভিত্তিক সংখ্যা:

প্রাথমিক স্তর: ১০ জন

মাধ্যমিক স্তর: ২০ জন

কলেজ স্তর: ২৫ জন

সাধারণ বিশ্ববিদ্যালয়: ২০ জন

মেডিকেল কলেজ: ১০ জন

কৃষি বিশ্ববিদ্যালয়: ৩ জন

প্রকৌশল বিশ্ববিদ্যালয়: ৩ জন

বিজ্ঞান ও প্রযুক্তি সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়: ৪ জন

প্রধানমন্ত্রীর বিশেষ কোটা: ৫ জন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক অনুসন্ধান কমিটি গুণী শিক্ষকদের এই তালিকা প্রস্তুত করে। পরবর্তীতে জাতীয় পরিচালনা কমিটি তা যাচাই-বাছাই করে ১০০ জনের নাম চূড়ান্ত করে।

ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৬৬ সালে শিক্ষকদের মর্যাদা-সংক্রান্ত ঐতিহাসিক আন্তর্জাতিক সুপারিশমালার ৬০ বছর পূর্তি হওয়ায় এবারের বিশ্ব শিক্ষক দিবসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন’।