বিনোদন

বিগ বস ২০ থেকে বিদায় প্রতিযোগী ঋতি

 দর্শকদের নিয়মিত ভোটের ভিত্তিতে নয়, বরং অধিনায়কত্বের একটি বিশেষ টাস্ক এবং শোর বিশেষ লাইফলাইন নিয়মের গ্যাঁড়াকলে পড়ে আকস্মিকভাবে গৃহহীন হতে হলো তাঁকে। গত ৬ সেপ্টেম্বর প্রখ্যাত অভিনেতা-গায়ক ও রাজনীতিক মনোজ তিওয়ারির সঙ্গে এই শোতে প্রবেশ করেছিলেন তাঁর মেয়ে ঋতি। শো শুরুর দিকে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করলেও, অল্প সময়ের মধ্যেই নানা বিতর্ক ও বাকবিতণ্ডায় জড়িয়ে খবরের শিরোনাম হন তিনি।

নিয়ম অনুযায়ী, অন্য প্রতিযোগীদের একটি করে লাইফলাইন কেড়ে নেওয়ার ক্ষমতা দেওয়া হয় তাদের। এর আগেই ঋতির ঝুলিতে মাত্র একটি লাইফলাইন অবশিষ্ট ছিল। প্রতিপক্ষের কৌশলী চাল ও এই ক্ষমতার ব্যবহারে নিজের শেষ লাইফলাইনটি হারিয়ে রিয়েলিটি শো থেকে ছিটকে যান তিনি।

বিগ বসের ঘরে ঋতির অবস্থান শুরু থেকেই ছিল বেশ বিতর্কিত। সহ-প্রতিযোগী কাজী তৌকীরের সঙ্গে তাঁর বিরোধ বিশেষ আলোচনা তৈরি করেছিল। পরবর্তীতে এক র‍্যাপ ডিস ব্যাটল টাস্কে কাজী ও উদিতি সিংয়ের উদ্দেশ্যে কটু ও আপত্তিকর মন্তব্য করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে সঞ্চালক সালমান খানের তীব্র অসন্তোষের কারণ হয়। সালমান তাকে এমন আচরণের জন্য কঠোরভাবে নিন্দা করে বলেন, “এটি বিগ বসের ইতিহাসে সবচেয়ে বাজে ব্যাটল।” এমনকি তাঁর বাবা মনোজ তিওয়ারির ভাবমূর্তি ও স্টার কিড পরিচয়ের কথা মনে করিয়ে দিয়ে ডলি বিন্দ্রার আচরণের সাথেও ঋতির তুলনা টেনে সতর্ক করেছিলেন এই বলিউড সুপারস্টার।